বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে ৪র্থ শিল্প বিপ্লব নিয়ে কর্মশালা

৩ নভেম্বর, ২০২১ ১৬:৫৯  
‘সরকারি সেবার মানোন্নয়ন, ৪র্থ শিল্প বিপ্লবের ভূমিকা’ নিয়ে ৩ নভেম্বর, বুধবার দিনব্যাপী কর্মশালা করেছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। জাদুঘর সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত কর্মশালার শুরুতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের উন্নয়নমূলক কাজসহ চলমান বিভিন্ন কর্মসূচীর উপর একটি ডকুমেন্টারি উপস্থাপন করা হয়। এসময় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের কর্মকর্তা, বাংলাদেশ ইনিস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ম্যানেজমেন্ট এর প্রশিক্ষনার্থীসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এটুআই এর ইনোভেশন এক্সপার্ট ফারুক আহমেদ জুয়েল। এছাড়া আলোচনা পর্বে উপস্থিত ছিলেন বিআইজিএম এর প্রোগ্রাম ডিরেক্টর জনাব বনিক গৌর সুন্দর, মন্ত্রীপরিষদ বিভাগের উপসচিব মোঃ শহিদুল ইসলাম চৌধুরী, এলআর গ্লোবাল বাংলাদেশ এসেট ম্যানেজমেন্ট কোম্পানী লিঃ এর ভাইস প্রেসিডেন্ট শিরিন শারমিন। সভাপতির বক্তব্যে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের পরিচালক মোঃ হাবিবুর রহমান বলেছেন, “সকলকে শিল্প বিপ্লবের গুরুত্ব ও প্রয়োজনীয়তা উপলব্ধি করে উন্নত প্রযুক্তিকে আত্মস্থ করতে হবে। যাতে এর মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারে।” কর্মশালা শেষে প্রশিক্ষনার্থীবৃন্দ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর পরিদর্শন করেন।